বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁটুর জোর ক্রমশ কমতে থাকে। কম বয়সে তেমন কোনও সমস্যা না হলেও একটা বয়সের পর হাঁটুর সমস্যায় অনেকেই ভোগেন। ডায়েট করে, ওজন কমিয়ে, নানা রকম চিকিৎসা শেষে যখন একেবারেই কোনও ফল মেলে না, হাঁটু প্রতিস্থাপন ছাড়া আর উপায় থাকে না। কিন্তু সেই চিকিৎসা যেমন খরচসাপেক্ষ, তেমন কষ্টকরও। তাই যদি নিয়মিত কিছু যোগভ্যাস করা যায়, হাঁটুর সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
দণ্ডাসন
এই আসনটি করতে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। পিঠ যেন টান টান হয়ে থাকে। দুই হাত রাখুন দেহের দু’পাশে। পায়ের পাতা টেনে রাখুন ভেতরের দিকে। এই অবস্থায় ১০ সেকেন্ড থাকুন। তার পর ছেড়ে দিন। এই ভাবে প্রথমে ১০ সেকেন্ড দিয়ে শুরু করে, পরে ৪০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন।
জানু শীর্ষাসন
দুই পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। ডান পায়ের হাঁটু ভেঙে বুকের কাছে নিয়ে আসুন। ডান পায়ের পাতার নীচের দিকটি বাঁ ঊরুর সঙ্গে লেগে থাকবে আর বাঁ পা সামনের দিকে ছড়িয়ে থাকবে। দু’হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। শরীর ঝুঁকিয়ে কপাল বাঁ পায়ের হাঁটুতে এবং দুই কনুই বাঁ পায়ের দু’পাশে মেঝেতে রাখার চেষ্টা করুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ থেকে ৩০ সেকেন্ড এই ভঙ্গি ধরে রাখুন।
পশ্চিমোত্তনাসন
প্রথমে সামনের দিকে পা ছড়িয়ে বসুন। হাঁটু ভাঙলে কিন্তু একেবারেই চলবে না। এ বার গভীর শ্বাস নিয়ে কোমর থেকে শরীরটা টেনে সামনের দিকে ঝুঁকতে চেষ্টা করুন। এ বার দুটি হাত পায়ের পাতার পিছন দিক থেকে ধরে রাখুন। শরীর যতটুকু সামনের দিকে আসতে পারে, ততটুকুই আনার চেষ্টা করুন। প্রথম দিনেই বেশি চাপ দেবেন না।
