রংপুর মহানগরী ও জেলা জামায়াতের পৃথক রুকন সম্মেলনে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম; সম্মেলনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য মহানগরী ও জেলা আমির নির্বাচনে রুকনরা ভোট দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও রংপুর জেলা শাখার পৃথক দুটি সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা আবদুল হালিম বলেন, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার তা বাস্তবায়ন না করে ধোঁকাবাজি করছে।
তিনি বলেন, ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশে ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় প্রদান করেন। এই গণভোট ও নির্বাচনের মাধ্যমে দেশে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেও সনদের পক্ষে দেওয়া জনরায় বাস্তবায়ন করা হচ্ছে না।
প্রধানমন্ত্রীর বিগত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুল হালিম বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছিলেন। অথচ ক্ষমতায় এসে বিএনপি ‘অক্ষরে অক্ষরে বাস্তবায়নের’ কথা বলে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কারের বদলে সংবিধান সংশোধন কমিটি গঠন করে জনগণকে ধোঁকা দিচ্ছে।
তিনি অনতিবিলম্বে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন করে কোনো টালবাহানা ছাড়া গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।
জামায়াতের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার চিত্র তুলে ধরে আবদুল হালিম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও আদর্শিক দল। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর কেন্দ্রীয় এবং প্রতি দুই বছর পর জেলা ও মহানগরী নেতৃত্বের আমির নির্বাচন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম কাজলের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী এমপি ও আল আমিন হাসান এবং মহানগরীর প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার আলীসহ মহানগরীর কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
রংপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) অর্ধদিবসব্যাপী এ সম্মেলন অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম সংগঠনের রুকনদের নৈতিকতা, ত্যাগ, আনুগত্য এবং দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বার্ষিক রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী এমপি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ; জেলা বায়তুলমাল সেক্রেটারি হামিদুর রহমান; জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি মুত্তালিব হোসাইন; জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল আমীন এমপি; জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল গনি; জেলা পেশাজীবী সভাপতি মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
রংপুর মহানগর ও জেলার ২০২৭-২০২৮ কার্যকালের ইমারত নির্বাচনে জেলা ও মহানগরীর রুকনরা ভোট প্রদান করেন।
