বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের আসর। আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছিল সাফের ১৫তম আসরের লোগো।
এবার দক্ষিণ এশীয় ফুটবলের আবেগ, ঐক্য ও চেতনাকে ধারণ করে প্রকাশ করা হয়েছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর আনুষ্ঠানিক থিম সং। টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং আন্তর্জাতিক মানের ফুটবল উৎসবের আবহ তৈরি করতেই এই উদ্যোগ আয়োজকদের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে থিম সংটি প্রকাশ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, গান ও ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আবেগ এবং সমর্থকদের উচ্ছ্বাস তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছেও প্রতিযোগিতাটিকে আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে।
থিম সং প্রকাশ অনুষ্ঠানে আইস্মার্ট ইউ-এর সিইও ও টেকনো বাংলাদেশের প্রতিনিধি রেজওয়ানুল হক বলেন, শুরু থেকেই সাফ চ্যাম্পিয়নশিপকে আন্তর্জাতিকমানের আয়োজন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। সে পরিকল্পনার অংশ হিসেবেই উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ দর্শকদের জন্য বিভিন্ন আয়োজন রাখা হচ্ছে।
তিনি বলেন, একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে যেভাবে উদযাপন ও সমর্থকদের সম্পৃক্ত করে বিভিন্ন আয়োজন করা হয়, সাফের জন্যও সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় একটি থিম সং তৈরি করার প্রয়োজন ছিল।
রেজওয়ানুল হক জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও থিম সংটির পরিবেশনা হওয়ার কথা রয়েছে। পুরো প্রতিযোগিতা ঘিরেই গানটি ব্যবহার করা হবে।
থিম সংটির বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ফুটবলের বর্তমান আবেগ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তৈরি হওয়া আগ্রহ ও উন্মাদনাকে গান ও ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
থিম সং তৈরির পরিকল্পনা সম্পর্কে টিএসএ অ্যান্ড এন্টারটেইনমেন্টের সিইও সজীব রশিদ বলেন, ফুটবল ও উদযাপন, এই দুই বিষয়কে গুরুত্ব দিয়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। ভিডিওটির পরিচালক ছিলেন সাকিব তন্ময়।
অন্যদিকে, সংগীতের মাধ্যমে ফুটবল সমর্থকদের উন্মাদনা তুলে ধরার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট শিল্পীরা।
সজীব রশিদ বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশের দল অংশ নেবে। পাশাপাশি দেশের বাইরেও সাফের সমর্থক রয়েছেন। সে বিষয়টি মাথায় রেখে গানে বাংলা ভাষার সঙ্গে ইংরেজির সংমিশ্রণ রাখা হয়েছে।
তার প্রত্যাশা, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদেরও ভালো লাগবে থিম সংটি। গান ও ভিডিওর মাধ্যমে টুর্নামেন্টের আবহ আরও ছড়িয়ে পড়বে সমর্থকদের মধ্যে।
২০১৮ সালের পর আবারও ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৪ নভেম্বর শুরু হবে প্রতিযোগিতার ১৫তম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। এবারের আসরে অংশ নেবে ছয়টি দল।
টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর প্রস্তুতি ও আয়োজকদের পরিকল্পনা নিয়ে বাড়ছে আগ্রহ।
