নওগাঁর মান্দায় পতিত সরকারপ্রধান শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে মাইকিংয়ের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন সভাপতি ও এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ের কাছে ছোট মুল্লুক এলাকায় সম্প্রতি একটি টমটম অটোরিকশা নিয়ে এই প্রচারণা চালানো হয়। এতে সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর ব্যানারে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। পরে এই মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পরপরই অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ (৪৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি সম্পর্কে অবহিত থাকার কথা স্বীকার করেছেন।
এছাড়া এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল সরকার (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
