মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি মো. মতলব সরদার, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান স্বপন, সহসভাপতি হাজী আলাউদ্দিন আহমেদসহ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘মাদক নয়, সুস্থ জীবন চাই’ ও ‘ছিনতাই বন্ধ হোক’ এমন নানা স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও তৎপর হতে হবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল জোরদার করতে হবে।
উল্লেখ্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধের আশঙ্কা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সময় গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টিও উদ্বেগজনক। এসব পরিস্থিতিতে নিরাপদে চলাচল ও স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা চান এলাকাবাসী।
এদিকে এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীকে নানা অভিযান পরিচালনা করতে দেখা যায়। তারপরেও কমছে না নারায়ণগঞ্জের এসব অপরাধ। সাধারণ মানুষ মনে করেন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো দরকার।
