শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। একদল লোক পরিকল্পিতভাবে শ্রম অসন্তোষ তৈরি করতে চাচ্ছে। তারা ছোটখাটো ইস্যুকে বড় বানিয়ে দেশের শিল্প খাতকে নষ্ট করার পরিকল্পনা করছে। তবে সবাই সতর্ক থাকলে কেউ কোনো ষড়যন্ত্র সফল করতে পারবে না।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শিল্পাঞ্চলের সামগ্রিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সভাপতিত্বে সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী নারায়ণগঞ্জের সার্বিক শ্রম পরিস্থিতি এবং দেশের শিল্প খাতের সুরক্ষা নিয়ে তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ‘আমি সময়ে সময়ে নারায়ণগঞ্জের শ্রম অসন্তোষের বিভিন্ন বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি।’
শ্রমিক কল্যাণ ও দক্ষতা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে মন্ত্রী ঘোষণা করেন, আগামী ৭ নভেম্বর থেকে নারায়ণগঞ্জের শ্রম কল্যাণ কেন্দ্র নতুন উদ্যমে চালু হবে। এছাড়া, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও মেরিন ইনস্টিটিউটে প্রশিক্ষকের ঘাটতি পূরণের বিষয়ে তিনি অবহিত হয়েছেন এবং অচিরেই সেখানে নতুন প্রশিক্ষক নিয়োগ দেয়া হবে।
শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শ্রমিকদের সন্তানদের মধ্যে যারা মেধাবী তাদের লেখাপড়ার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হলে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হয়।’
নিরাপদ অভিবাসন ও প্রবাসী বাংলাদেশিদের সচেতনতার বিষয়ে মন্ত্রী সতর্ক করে বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময়কার বিভিন্ন সংবেদনশীল বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাসহ সংশ্লিষ্ট দেশের আইন ভঙ্গ করার কারণে প্রবাসীরা বিভিন্ন সমস্যায় পড়ছে। তাই বিদেশে অবস্থানরত সবাই যেন সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলেন, সেই বিষয়ে ব্যাপক সচেতনতা বাড়ানো প্রয়োজন।’
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো: ফরহাদ সিদ্দিক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক মো: আবদুছ সামাদ আল আজাদ, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
