কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ।
রোববার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এগুলো জব্দ করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন। এ সময় রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, গত এক বছরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সর্বমোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ২৮৫ জন আসামিকে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে বাহিনীটি।
মাদকের বিস্তার রোধ এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।
