
সৌদি আরবে নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে জাপান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে ‘অপরিহার্য নয়’ এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) জারি করা সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।
তবে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করা এবং সেগুলোর কাছাকাছি যাওয়া থেকেও বিরত থাকতে নাগরিকদের আহ্বান জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতে সৌদি আরবে আরও হামলা হতে পারে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
এ পরিস্থিতিতে যেসব জাপানি নাগরিক সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থসূচক/
The post সৌদি আরবে ভ্রমণে জাপানের সতর্কতা, সফর স্থগিতের পরামর্শ appeared first on অর্থসূচক.
