রাজশাহী মহানগরীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। মোটরসাইকেল ও মুঠোফোনসহ জব্দ করা আলামতের মোট মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলার উপপরিচালক মেহেদী হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ অক্টোবর রাত ১১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারপুর গ্রামের জসিম স্টোরের দক্ষিণ পাশে কোর্ট ঢালুমোড় থেকে কাশিয়াডাঙ্গাগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলসহ ওই দম্পতিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আল আমিন (৪৩) ও তাঁর স্ত্রী মোসা. সিমা খাতুন (৩৮)। তাঁরা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাসিন্দা। আল আমিন রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং তাঁর স্ত্রী সিমা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, আটকের পর তাঁদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় স্কচ টেপ দিয়ে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত ১০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম হিসাবে উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০০ গ্রাম।
এ সময় তাঁদের কাছ থেকে লাল-কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি চাবি ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়। এজাহারে মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর রাজ মেট্রো-ল-১১-৬৫৯৭ উল্লেখ করা হয়েছে।
এজাহারে উদ্ধার করা ইয়াবার মূল্য ৬ লাখ টাকা, মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং মুঠোফোনের মূল্য ১০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আল আমিন ও সিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে।
এমএ
