ময়মনসিংহে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণসহ একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে অসহায় ও প্রবীণ সাংবাদিকদের জন্য বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ বিশেষভাবে গুরুত্ব পায়।
শুক্রবার বিকেলে নগরীর ডিএস কামিল মাদ্রাসার মিলনায়তনে সংগঠনটির বিভাগীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কল্যাণমূলক উদ্যোগগুলোকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিভাগীয় সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. মীর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপম মিয়া ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আপেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মীর সিরাজুল ইসলাম বলেন, “তৃণমূল সাংবাদিকরাই দেশের প্রকৃত চিত্র তুলে ধরেন। তাদের পাশে দাঁড়াতেই এই সংগঠন।”
তিনি জানান, সংগঠনের সব সদস্যকে ডিজিটাল ডাটাবেজের আওতায় আনার কার্যক্রম চলছে। এর ফলে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে সদস্যদের পরিচয় যাচাই করা সম্ভব হবে।
সভায় অসহায় ও প্রবীণ সাংবাদিকদের জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগের কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি। এ লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপম মিয়া রংপুরে এক বিঘা জমি দান করবেন বলে জানান। দ্রুত জমি নির্ধারণ করে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও সভায় জানানো হয়।
এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয়, যেসব জেলা, বিভাগীয় ও মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দ্রুত পুনর্গঠন করা হবে। একই সঙ্গে অপেশাদার ও ভুঁইফোড় ব্যক্তিদের বাদ দিয়ে যোগ্যতা ও সততার ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, সদস্যদের পরিচয় যাচাইয়ের আধুনিক ব্যবস্থা এবং অসহায় ও প্রবীণ সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এসব উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
