
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক । টাকা ছাড়া পাসপোর্ট মেলে না আর দালাল ছাড়া গেলে নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয়- চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। সাধারণ মানুষের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার অফিসটিতে হঠাৎ এ অভিযান । গতকাল বৃহস্পতিবারে ১৫ অক্টোবর দুপুরে অভিযানের সময় অফিসের সামনে থেকে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেম এমপি মানিক । একই সঙ্গে পাসপোর্ট অফিসের প্রধান হিসাবরক্ষক উত্তম কুমার সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন সংসদ সদস্য।সংসদ সদস্যের আকস্মিক অভিযানে পাসপোর্ট অফিসের সেবাব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও অভিযোগের বিষয়টি সামনে আসে। অভিযানের সময় তিনি পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন। এ সময় অফিসের সামনের এলাকা থেকে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষকে কেন অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে- এ প্রশ্ন উঠেছে পাসপোর্ট অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে। পাসপোর্টের আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে সেবা প্রার্থীদের একাংশকে বাইরের কম্পিউটার দোকান ও মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর করতে হয় বলে অভিযোগ রয়েছে। অভিযান শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম আসলে এখানকার পরিবেশ ভালো না । দেশের উন্নতি উন্নয়নে সবার সহযোগিতার দরকার । আমি সাংবাদিকদের কে বলবো আপনারা মাঝেমধ্যে এখানে এসে খোঁজখবর রাখবেন । আমরা চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস কে দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত দেখতে চাই ।
ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি
