বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের ঠিক পাশের সৈকতে এই দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে চারটার দিকে একদল পর্যটক উত্তাল সাগরে গোসল করতে নামলে হঠাৎ বড় একটি ঢেউয়ের তোড়ে তারা গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করেন। উপস্থিত অন্যান্য পর্যটকদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। এ পর্যন্ত সমুদ্র থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং অপর একজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত পর্যটকদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, সাগরে নিখোঁজ থাকা বাকি দুই পর্যটককে খুঁজে বের করতে সৈকতের বিস্তীর্ণ এলাক জুড়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় এ ধরনের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সচেতন পর্যটকরা।
