প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শারদীয় দুর্গাপূজায় বাগেরহাটে বস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাগেরহাটের সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল মানুষের মাঝে শারদীয় শুভেচ্ছা হিসেবে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ শত জন উপকারভোগীদের হাতে এসব শাড়ি তুলে দেন।
বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন বিথী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু শামা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, "শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সার্বজনীন উৎসব। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন আমাদের সরকার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার।"
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পূজার প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষজন।
