
চট্টগ্রামে সাত টন ইলিশসহ ৪ বোট জব্দ, জরিমানা ৩ লাখ ৮০ হাজার টাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৭ টন ইলিশসহ চারটি মাছ ধরার বোট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা ইলিশ উপজেলার ২৫টি এতিমখানায় বিতরণ করা হয়।
রোববার (১২ অক্টোবর) রাত ২টার দিকে সাগরে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ড।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদের ওপর সরকারি নিষেধাজ্ঞা চলছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ জানান, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে সাগরে অবৈধভাবে মাছ শিকার করতে দেওয়া হবে না। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে।
অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল পিও ও তার দল অংশ নেয়। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা (পিআরএল) মো. আবুল কালাম আজাদ, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. রাশেদ আহমেদসহ মৎস্য কার্যালয়ের কর্মচারীরা।
