শারদীয় দুর্গোৎসবের মহানবমীর পূজা শেষ হয়েছে। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে মহানবমীর পূজা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবী দুর্গার চরণে অঞ্জলি দিয়ে বিশ্বজনীন মঙ্গল ও শান্তি কামনা করেন ভক্তরা।
রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই ভক্ত-পুণ্যার্থীদের সমাগম ঘটে। পূজা শেষে বিভিন্ন মণ্ডপে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি ও ধূপ-দীপের আয়োজনে মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, মহানবমী দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। নবমীর পূজা শেষে এবার দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা। বিজয়া দশমীতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা ও দেবী বরণের আয়োজন করা হবে। পরে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
উৎসবের শেষলগ্নে মণ্ডপে মণ্ডপে আনন্দের পাশাপাশি বিরাজ করছে বিদায়ের বিষাদ। দেবীর বিদায় ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।
এর আগে মহাষ্টমীতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারী পূজা দেখতে ভক্তদের ভিড় জমে। উলুধ্বনি, ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
এমএম/
