প্রতিনিধি, হবিগঞ্জ · ১৮ অক্টোবর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
হবিগঞ্জে টমটমে (ইজিবাইক) বসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার (১৮ অক্টোবর) বিকেলে টমটমে (ইজিবাইক) বসা নিয়ে উমেদনগরের খাঁ বাড়ির সৈয়দ আলী এবং মোল্লাবাড়ির আফিল উদ্দিনের পক্ষের দুই নারীর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই গোষ্টির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে হবিঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
