বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা প্রশ্নের জন্য পরিচিত ‘কফি উইথ করণ’। অনুষ্ঠানটির নবম মরশুমের প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন সালমান খান। আর সেই পর্বের প্রকাশিত টিজারেই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে তার কাছ থেকে মজার ছলে ধমক খেলেন সঞ্চালক করণ জোহর।
টিজারে দেখা যায়, সালমানকে স্বাগত জানিয়ে করণ বলেন, ‘কফি উইথ করণ’-এর শেষ মরশুম শুরু করার জন্য তার চেয়ে ভালো অতিথি আর কেউ হতে পারেন না। এর জবাবে মজার ছলে করণকে সঞ্চালকের আসন ছেড়ে দিতে বলেন সালমান। পাশাপাশি ‘কফি উইথ সালমান’ নামে নতুন অনুষ্ঠান শুরুর কথাও রসিকতা করে বলেন তিনি।
তবে আড্ডার একপর্যায়ে সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন করণ। তিনি জানতে চান, সালমান এখনো চিরকুমার কি না। প্রশ্নটি শুনে করণকে থামিয়ে দিয়ে সালমান বলেন, “আরে ভাই, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো।”
সালমানের এই জবাব ঘিরে টিজারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগেও ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউডের এই সুপারস্টার।
দুই দশকেরও বেশি সময় ধরে ‘কফি উইথ করণ’ বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম ও নানা বিতর্ক নিয়ে আলোচনার জন্য পরিচিতি পেয়েছে। নবম মরশুমের প্রথম পর্বটি শিগগিরই প্রচারিত হওয়ার কথা রয়েছে।
