রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওসমানী উদ্যান প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। হাঁটাচলা, অবসর যাপন ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর উপযোগী করে উদ্যানটি সাজানো হয়েছে।
জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে ওসমানী উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নে বিভিন্ন নাগরিক সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা।
এসব সুবিধার মাধ্যমে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন, শরীরচর্চা ও পরিবার নিয়ে সময় কাটানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ওসমানী উদ্যান খুলে দেওয়া হলে রাজধানীবাসীর জন্য উন্মুক্ত সবুজ পরিসর ও বিনোদনের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
The post সোমবার ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
