স্টাফ রিপোর্টার ॥
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা স্মারক প্রদান করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুব শক্তি ফাউন্ডেশন, ভোলা।
সংগঠনটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি হেলাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সদস্য মো. কামাল উদ্দিন এবং সদস্য মোহাম্মদ রাসেল মুন্সী।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের মেধা, শ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। শিক্ষকদের অবদানকে সম্মান জানানো এবং তাঁদের অনুপ্রাণিত করতেই যুব শক্তি ফাউন্ডেশনের এ উদ্যোগ।
যুব শক্তি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সংগঠনটির পরিচালক মো. মেহেদী হাসান বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মূল্যায়ন একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের গুণী ও কৃতী ব্যক্তিদের সম্মানিত করার উদ্যোগ অব্যাহত থাকবে। যুব শক্তি ফাউন্ডেশনের শ্লোগান “আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাব মানবকল্যাণে।”
