ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরাসহ অন্তত ১৫০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর রেডিফের।
কনট প্লেসের সেন্ট্রাল পার্কের বাইরে আম আদমি পার্টির (আপ) নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীরা পদযাত্রা বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মান্ডি হাউসের কাছে বিক্ষোভ করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) ও বাম দলগুলোর কর্মীরা।
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে স্লোগান দেন। কর্মসূচির জন্য আনুষ্ঠানিক অনুমতি না থাকা, কনট প্লেসের মতো সংরক্ষিত এলাকায় জমায়েত এবং বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ছয় হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়।
প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই কয়েকজন শীর্ষস্থানীয় আন্দোলনকারীকে হেফাজতে নেয় পুলিশ। এনসিপি-এসসিপির মুখপাত্র আনিশ গাওয়ান্ডের বাসভবন থেকে সিজেপি নেতা অভিজিৎ দীপককে আটক করা হয়। এ সময় এক পুলিশ কর্মকর্তা তাঁকে জানান, কনট প্লেসে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি থাকায় তাঁকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হচ্ছে।
এর আগেও দিল্লিতে সিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়েছিল পুলিশ। পরে কয়েক ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এবার আটক বিক্ষোভকারীদেরও একইভাবে মুক্তি দেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমএ
