গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে শুরু হচ্ছে ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর। আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এ ক্রীড়া উৎসব। এতে দেশের ২৪টি ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ ১৩টি ইভেন্টে অংশ নেবেন।
আজ শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, সহসভাপতি ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা, স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। অনুষ্ঠানে গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীমসহ বিভিন্ন ক্লাব ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এবারের উৎসবে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, সাতজনের ফুটবল, গলফ, আট বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, ঢাকা বোট ক্লাব, উত্তরা ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, সিলেট ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের ২৪টি ক্লাব। আয়োজক হিসেবে অংশ নেবে গুলশান ইয়ুথ ক্লাব।
ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান তমাল বলেন, অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ ও পৃষ্ঠপোষকদের সহযোগিতায় এ আয়োজন সফল ও স্মরণীয় হয়ে উঠবে। রাজউকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কমপ্লেক্সটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ক্লাব দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান আশা প্রকাশ করেন, এ ক্রীড়া উৎসব অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার চেতনা আরও জোরদার করবে।
এ আয়োজনে গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেড। সিলভার স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, অ্যাকমি ল্যাবরেটরিজ ও ফ্রেশ। এ ছাড়া টি-স্পোর্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সম্প্রচার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য ক্ষেত্রে পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
