প্রায় ১৮৪ মিলিয়ন ইউরো (৮০ কোটি রিয়াল) বিশাল ঋণের ভারে জর্জরিত হয়ে বিক্রির মুখে পড়তে পারে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর। এর মাঝেই গুঞ্জন ওঠে, ক্লাবের বর্তমান তারকা ক্রিস্টিয়ানো রোনালদো খেলোয়াড় থেকে মালিকানায় নাম লিখিয়ে ২০ শতাংশ শেয়ার কিনতে পারেন। তবে ক্লাব সূত্র ও সাবেক মুখপাত্র এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) আল-নাসরের প্রায় ৮০ কোটি রিয়াল (প্রায় ২১৩ মিলিয়ন মার্কিন ডলার বা ১৮৪ মিলিয়ন ইউরো) ঋণ সংকট সমাধানের জন্য কাজ করছে, যাতে ক্লাবটিকে আংশিক বিক্রির উপযোগী করা যায়। এরই মধ্যে এসি মিলানের মালিকানাধীন মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স এর সাথে প্রায় এক বিলিয়ন রিয়ালের বিনিময়ে ৭০ শতাংশ শেয়ার কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
এই মালিকানা বদলের গুঞ্জনের সাথেই ছড়িয়ে পড়েছিল যে, একটি বিনিয়োগ গ্রুপের অংশ হিসেবে সিআর সেভেন নিজে আল-নাসরের ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে পারেন। এর ফলে ফুটবল বিশ্বে জোর আলোচনা শুরু হয় যে, রোনালদো কি তবে খেলোয়াড় থেকে ক্লাবের সরাসরি মালিক বা অংশীদার হতে চলেছেন?
তবে এই জল্পনাকল্পনায় জল ঢেলে দিয়েছেন আল-নাসরের সাবেক মুখপাত্র সৌদ আল-সারামি। আল-আরাবিয়া এফএম-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবটির ২০ শতাংশ তো দূরের কথা, ১ শতাংশ শেয়ারের মালিক হওয়ার সম্ভাবনাও সম্পূর্ণ ভিত্তিহীন ও অসম্ভব। বর্তমান পরিস্থিতিতে বড় অঙ্কের ঋণ পরিশোধ করে আল-নাসরের নতুন বিনিয়োগকারী খুঁজে পাওয়ার প্রক্রিয়াটিই এখন মধ্যপ্রাচ্যের ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
