আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তিনি সেপ্টেম্বর মাসে বিভিন্ন বিভাগ ও ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা ও ইউনিটগুলোর নাম তুলে ধরেন।
মূল্যায়নে শ্রেষ্ঠ থানার তালিকায় মিরপুর মডেল থানার পর দ্বিতীয় হয়েছে আদাবর থানা এবং তৃতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা।
উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর থানার এসআই তারেক রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ডেমরা থানার এসআই কাকন মিয়া এবং তৃতীয় হয়েছেন কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার।
সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. ইমদাদুল হক। দ্বিতীয় হয়েছেন পল্টন থানার এএসআই দুর্জয় বড়ুয়া এবং তৃতীয় হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোহাম্মদ মজলিশ মিয়া।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের নেতৃত্বে থাকা গোয়েন্দা-লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব। দ্বিতীয় হয়েছেন বিমানবন্দর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মারুফ রহমান ভূঁইয়া।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

