Authored By:
Published on
:
1 min read
এই সময়: সপ্তমীর দিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দীর্ঘ সময় ঘরোয়া ভাবে কথা হলো মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। আসন্ন কলকাতা পুরভোট নিয়ে কথা হয়েছে কি না, তা নিয়ে কোনও পক্ষই অবশ্য কিছু খোলসা করতে চাননি। কলকাতার নন্দীবাড়ির দুর্গাপুজোয় শনিবার আমন্ত্রিত ছিলেন শুভঙ্কর–সহ কংগ্রেসের কয়েক জন নেতা, একই সঙ্গে আমন্ত্রিত ছিলেন কুণালও। দু’জনই প্রায় একই সময়ে নন্দীবাড়িতে পৌঁছন। প্রতিমা দর্শনের পাশাপাশি তাঁরা ঘরোয়া আলাপচারিতা চালান।
কুণালের কথায়, ‘নন্দীবাড়ির পুজোতে গিয়েছিলাম। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা হয়েছে। রাজনীতির লোকেদের দেখা হলে রাজনীতি নিয়ে কথা হবেই।’ কলকাতা পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে কি না, এই প্রশ্নে কুণাল বলেন, ‘এই বিষয়ে কোনও মন্তব্য করছি না। পুরভোটে জোট নিয়ে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। এই বিষয়ে কিছু বলার এক্তিয়ার নেই আমার।’ শুভঙ্কর বলেন, ‘তন্ময় নন্দী তাঁর বাড়ির পুজোয় আমাদের ডেকেছিলেন। কথাবার্তা হলো। ভোগ খাওয়া হলো।’
কলকাতার পুরভোটের আগে কংগ্রেস নেতৃত্ব যৌথ আন্দোলনের পরিকল্পনাও করেছেন। ‘সার’ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের নাম তোলার জন্যে আন্দোলন করতে চায় বিধান ভবন। এই আন্দোলনে বিজেপি–বিরোধী সব শক্তিকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শুভঙ্কর। সেখানে মমতা তৃণমূল যোগ দেবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কুণাল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট হতে বলেছেন। ভোটের অধিকার রক্ষার জন্যে ধর্মনিরপেক্ষ এবং বিজেপি–বিরোধী শক্তির কাছাকাছি থাকা দরকার।’
