কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর মৌজায় দীর্ঘ ২০ বছর ধরে দখলে থাকা ৯.৩৭ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা। জমিটি পাঁচথুবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম (সামছু) চেয়ারম্যানের দখলে ছিল বলে জানা গেছে।
সম্প্রতি চানপুর মৌজায় হালিমা টেলিকমের সামনে অবস্থিত সরকারি সম্পত্তিটি উদ্ধার করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সরকারি সম্পত্তি দীর্ঘদিন অবৈধভাবে দখলে রাখা গেলেও একসময় তা সরকারের নিয়ন্ত্রণে ফিরে আসে। সরকার উদ্যোগ নিলেই দখলমুক্ত করা সম্ভব। এরপরও একশ্রেণির ভূমিলোভী ব্যক্তি সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার বলেন, মানুষকে নিজেদের সংশোধন করতে হবে। লোভের বশবর্তী হয়ে রাষ্ট্রের কিংবা অন্যের সম্পত্তি দখল করে সাময়িকভাবে ভোগ করা যায়, কিন্তু একসময় তা ছেড়ে দিতেই হয়। সামাজিক উদ্যোগ কিংবা সরকারের পদক্ষেপে অবৈধ দখলদারদের কাছ থেকে সম্পত্তি উদ্ধার করা সম্ভব।
তিনি আরও বলেন, চানপুর মৌজায় ৯.৩৭ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।
সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, এ অভিযান অব্যাহত থাকলে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে দখলের প্রবণতাও কমবে।
