পরিচালক বন্ধু অয়নের সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া ভাট

প্রভাত বিনোদন: চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ভারতেও এই উৎসবের হাওয়া বইছে। পশ্চিমবঙ্গের বাইরে মুম্বাইতেও দুর্গাপূজার আয়োজন দেখা যায়। বিশেষ করে আলোচনায় থাকে মুখার্জি বাড়ির পূজা, যেখানে বলিউড তারকারা হাজির হন।
মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সোমবার (১৯ অক্টোবর) গিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। তার পরনে ছিল ম্যাজেন্ডা গোলাপি শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজ। এ সময় আলিয়ার সঙ্গে ছিলেন না তার স্বামী-অভিনেতা রণবীর কাপুর। তিনি ওই মণ্ডপে পূজা দেখতে গিয়েছিলেন শনিবার।
তাহলে কার সঙ্গে পূজা দেখতে গেলেন ‘গাঙ্গুবাই’ অভিনেত্রী? ছবিতেই পাওয়া গেল সেই ব্যক্তিকে। তিনি অয়ন মুখার্জি। বলিউডের নামি পরিচালক। রণবীর-আলিয়াকে নিয়ে বানিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’। এই নির্মাতার সঙ্গে তারকা দম্পতির বন্ধুত্ব বেশ পুরনো। তাই বন্ধুর সঙ্গেই পূজা দেখতে গেলেন আলিয়া।
তাছাড়া নর্থ বম্বের ওই পূজার সঙ্গে অয়নের সম্পর্ক রয়েছে। তার দাদা চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ১৯৪৮ সালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই পূজামণ্ডপ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে ক্রমশ এটি হয়ে উঠেছে মুম্বাইয়ের দুর্গাপূজার অন্যতম বড় আয়োজন। এখানেই পূজা উদযাপনে হাজির হন কাজল, রানি মুখার্জিরা।
সোমবার পূজা দেখতে এলে আলিয়াকে ঘিরে ধরেন ভক্তরা। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন। কুশল বিনিময় করেন। অভিনেত্রীও উৎসবের আমেজে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাদের আবদার রেখেছেন।
প্রসঙ্গত, অয়নের নির্মাণে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’তেও অভিনয়ের কথা রয়েছে রণবীর-আলিয়ার। তবে সিনেমাটি কবে নাগাদ আসবে, তা এখনো জানা যায়নি। আপাতত রণবীর ও আলিয়া অপেক্ষায় আছেন তাদের ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির। তবে এর আগেই ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীরের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ পার্ট ১’।
More News Of This Category

