বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-রিয়াদ রুটে আবার ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী রোববার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদগামী পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালিত হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে। জেদ্দা রুটে আজ ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
এদিকে ১৮ অক্টোবর থেকে ঢাকা-মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই রুটের ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিমান জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
