কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা। গতকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব শেষ হয়। এই উৎসব ঘিরে প্রতিটি পূজামণ্ডপ ঘিরে পুলিশ, র্যাব, বিজিবি আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তার পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিল বেশ সজাগ। শুরুতে নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এবার দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শেষ হয়েছে।
সারাদেশে এ বছর ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ঢাকা মহানগরে ২৫৮টি। এবার দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা, সব ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালু এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য সরকারি
বরাদ্দ ১ কোটি টাকা বৃদ্ধি, প্রতিটি সংসদীয় আসনে ৩শ করে শাড়ি উপহার দেওয়া হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি।
তিনি জানান, রাজধানী ছাড়াও সরকারপ্রধান তারেক রহমান এবার তৃণমূল পর্যায়ে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়ও করেছেন। যা বিগত দিনগুলোতে এমন উদ্যোগ দেখা যায়নি। তাই, এবারের দুর্গাপূজা উদযাপন ছিল অন্য যেকোনো সময়ের চেয়ে ব্যতিক্রম। এতদিন আমরা শুনেছি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ চাই কিন্তু এবার প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রতির দেশ গড়ার সূচনা করেছেন।
শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়। এরপর গত ১৬ অক্টোবর দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুর্গাপূজা। এবার মহাসপ্তমী দুই দিন ছিল— ১৭ ও ১৮ অক্টোবর। গতকাল ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মাধ্যমে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তকুল।
