জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫৫ জন। লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৪০৯ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রী-১৬৬৯৯) দুই লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৪৫৭ জন।
লিগ্যাল এইড-এর মাধ্যমে সবমিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন। জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সবমিলিয়ে লিগ্যাল এইড-এর মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫৫ জন।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
