প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করতে পারে। তবে তিনি প্রশ্ন তুলেছেন যে, ওয়াশিংটনের কি দ্রুত সমাপ্তি খোঁজা উচিত, নাকি সংঘাতটিকে ধীরে ধীরে স্তিমিত হতে দেওয়া উচিত।
শুক্রবার ফ্লোরিডা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প বলেছেন, “আমরা খুব দ্রুতই এর সমাপ্তি ঘটাতে পারি। আমরা কি এর পুরোপুরি ইতি টানতে চাই, নাকি একে কেবল ধীরে ধীরে স্তিমিত হতে দিতে চাই?”
তিনি বলেন, “ইরান একটি ব্যর্থ জাতি। আমরা হরমুজ প্রণালি দিয়ে যতটুকু চাচ্ছি ততটুকু তেল বের করে আনছি। আমরা তাদের (ইরানের) জন্য অবরোধ করে রেখেছি। তবে সবাই তেল আনছে। আমরা গত সপ্তাহে যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি পরিমাণ তেল এনেছি। ইরানে মুদ্রাস্ফিতি রয়েছে, তাদের হাতে অর্থ নেই।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা যা কিছু চাই, তা-ই পাচ্ছি।”
প্রসঙ্গত, এর আগেও ট্রাম্প একাধিকবার এ ধরনের মন্তব্য করেছেন। তবে বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত।
