উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি বার্সেলোনা ও পিএসজি। দিবাগত রাত ১টায় প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই ইউরোপীয় জায়ান্টের এই লড়াই নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছে অপ্টা সুপারকম্পিউটার। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জয়ের নিরিখে পিএসজিকে এগিয়ে রাখা হয়েছে।
১০ হাজার সিমুলেশনের ভিত্তিতে চালানো এই জরিপে ৩৯.৭ শতাংশের মতে ম্যাচটিতে জিতবে পিএসজি। আর বার্সেলোনার জয়ের সম্ভাবনা ৩৭.৭ শতাংশ। উভয় দলই দুর্দান্ত ফর্মে আছে। ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ম্যাচে গোল হয়েছে ১৩৪টি, বার্সেলোনার ম্যাচে ১৩০টি।
এখন পর্যন্ত ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে অন্তত ১০ বার মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে পিএসজি-বার্সেলোনা ম্যাচে প্রতি খেলায় গোলের গড় ৩.৮। এই হিসাবে তাদের চেয়ে এগিয়ে কেবল আয়াক্স-বায়ার্ন মিউনিখ (৩.৯)। ফলে সমর্থকদের গোলের অভিজ্ঞতা পেতে সম্ভবত খুব একটা অপেক্ষায় থাকতে হবে না!
পূর্বাভাসে পিএসজি এগিয়ে থাকলেও বার্সেলোনার জয়ের সম্ভাবনাও বেশ কাছাকাছি। আক্রমণাত্মক ফুটবল, গোল করার অসাধারণ সামর্থ্য এবং দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াই ঘিরে রোমাঞ্চের যথেষ্ট কারণ রয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লুইস এনরিকের পিএসজি। তারা টানা ১২ ম্যাচ অপরাজিত রয়েছে। প্রতিযোগিতাটিতে তাদের সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড থেকে মাত্র এক ম্যাচ দূরে অবস্থান করছে। মৌসুমের শুরুটা ধীরগতির হলেও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ জিতেছে দলটি। তবে তৃতীয় ম্যাচে তাদের টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কঠিন পরীক্ষার মুখে পড়বে।
পিএসজি নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে। কাতালান ক্লাবটিকে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দল বলে মনে করছে ক্রীড়া বিশ্লেষকরা। হ্যান্সি ফ্লিকের দলটি চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে, জিতেছে সবকটিতেই। এই সময়ে গোল করেছে মোট ৪৮টি, ম্যাচপ্রতি গড়ে ৪.৪টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো দলের চেয়ে তাদের গোলসংখ্যা বেশি।
