Published on
:
1 min read
এই সময়: প্রথম দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট আনতে পারলে আইএসএলে দারুণ শুরু হবে। মনোবল বেড়ে যাবে অনেকটাই। বলেছিলেন, মোহনবাগান এসজির গ্রিক কোচ পানোস। কিন্তু প্রথম অ্যাওয়ে ম্যাচে নথইস্টের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান।
সামনে এ বার স্পোর্টিং ক্লাব দিল্লি। তারাও হেরেছে প্রথম ম্যাচে। তবে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই করে হেরেছে দিল্লি। সেই লড়াই আজ নিজেদের ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধেও ছড়িয়ে দিতে চান দিল্লির ফুটবলাররা।
একই ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগানও। কোচের স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা হয়েছে। পানোস জানেন, শুরুতেই ধাক্কা খেলে তা সামলানো কঠিন হতে পারে। আজ তাই গোলের জন্য শুরু থেকে যেমন ঝাঁপাবে টিম, তেমনই ডিফেন্সও শক্তিশালী করতে হবে।
এরই মাঝে ইস্টবেঙ্গলে বিতর্ক। আচমকা মাঠে এসেও প্র্যাক্টিস বয়কট করেন রশিদরা। দাবি, তাঁরা মাইনে পাননি। পরে অবশ্য সমস্যা মেটে। একটা সমস্যা যে তৈরি হয়েছিল, তা অবশ্য মেনে নিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘ক্লাবের কাছে টাকা রয়েছে। তার পরেও মাইনে নিয়ে সমস্যা হয়েছে। আসলে, আগের ইনভেস্টর থেকে আমরা বেরিয়ে এসেছি। ফলে ব্যাঙ্কের ট্রান্সফার নিয়মের কিছু পরিবর্তন হয়েছে। আমি জানি না, ওরা কেন মাঠে নামেনি। তবে মাইনের সমস্যা মিটে গিয়েছে। সেটা ফুটবলাররাও জানে।’
