প্রকাশিত: ১৫:১১, ২৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত বাস
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মহাসড়কের বেড়তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি সিলেটের দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
