Published on
:
1 min read
দুর্গাপুজোর মধ্যে চোরবাগান সর্বজনীনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত তদন্ত যতটা এগিয়েছে, তাতে ভিড় সামাল দেওয়ার ব্যর্থতা অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে। এই আবহে সামনে কালীপুজো। পুজো দেখতে বহু দর্শনার্থী ভিড় করেন নানা মন্দিরে। তার মধ্যে অন্যতম নৈহাটির বড়মা মন্দির। বছরের সব সময়েই পুণ্যার্থীদের ভিড় থাকে এখানে। সেই ভিড়ও ছাপিয়ে দীপাবলির কালীপুজোয়। চোরবাগানের অভিজ্ঞতা সামনে রেখে যে কোনওরকম বিপদ এড়াতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে ব্যারাকপুর পুলিশ ও প্রশাসন।
কালীপুজোয় বিপুল ভিড় সামাল দিতে নৈহাটির বড়মার মন্দির চত্বর ঘুরে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার। তাঁর সঙ্গে ছিলেন বড়মার মন্দির ফাঁড়ি ও নৈহাটি থানার পুলিশ আধিকারিকরা। নৈহাটির গঙ্গার ঘাট থেকে গোটা অরবিন্দ রোড ঘুরে দেখেন অমিত কুমারের নেতৃত্বাধীন টিম। কালীপুজোর দিন নৈহাটির বড়মা মন্দিরে অগণিত দর্শনার্থী ভিড় করেন।
সেই ভিড় নিয়ন্ত্রণ রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার জানান, কালীপুজোকে কেন্দ্র করে যাতে কোনও বড়সড় বিপত্তি না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর থাকবে বলেও আশ্বাস দেন তিনি।