দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুল আহাদের সর্বোচ্চ শাস্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
মঙ্গলবার দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ইউসুফ ভূইয়ার ছেলে আব্দুল আহাদ দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক পাচার, চোরাচালান, অস্ত্র ব্যবসা ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এম আব্দুল মোতালিব ভূইয়াকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল বলেও তাঁরা দাবি করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত আহাদের বিরুদ্ধে এর আগেও হত্যা ও অস্ত্র পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ও মামলা রয়েছে। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হাবিবুল্লাহ হেলালী ও এম এ করিম লিলু।
সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দীন সিহাব। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সানুর ওয়াদুদ সাগর এবং দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুফতি আবু তাহের মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান ও আলা উদ্দিন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মান্না, যুগ্ম সম্পাদক শাহ মাসুক নাইম ও হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন, সদস্য মো. আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য মারুফ খন্দকার ও রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাবের প্রচার সম্পাদক নুর মুহাম্মদ ও দপ্তর সম্পাদক শুকুর আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
