গাড়ি চালানোর সময় আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক তথ্য দিতে অ্যান্ড্রয়েড অটোতে জেমিনির‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইলসহ গুগলের বিভিন্ন অ্যাপের তথ্য কাজে লাগিয়ে আরও নির্দিষ্ট প্রশ্নের উত্তর ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরামর্শ পাবেন। আগামী কয়েক মাসের মধ্যে গুগল বিল্ট-ইন সুবিধাযুক্ত গাড়িতেও ফিচারটি চালু করা হবে।
চলতি বছরের শুরুতে পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধা চালু করে গুগল। এর মাধ্যমে জেমিনি ব্যবহারকারীর অন্যান্য গুগল অ্যাপের তথ্য কাজে লাগিয়ে আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক উত্তর দিতে পারে। শুরুতে সুবিধাটি শুধু গুগল এআই প্রো ও আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত ছিল। পরে মার্চ মাসে বিনা মূল্যের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও এটি চালু করা হয়।
গুগলের ভাষ্য, অ্যান্ড্রয়েড অটোতে এই সুবিধা যুক্ত হওয়ায় গাড়িতে জেমিনির তথ্য বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগের সক্ষমতা বাড়বে। পাশাপাশি ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী আরও নির্দিষ্ট তথ্য দিতে পারবে এআই সহকারীটি।
উদাহরণ হিসেবে গুগল জানিয়েছে, বিমানবন্দরে যাওয়ার পথে ব্যবহারকারী জেমিনিকে জিজ্ঞাসা করতে পারবেন, তাঁর ফ্লাইটের বোর্ডিং গেট কোনটি কিংবা ফ্লাইট সময়মতো চলছে কি না। জিমেইল অ্যাকাউন্ট যুক্ত থাকলে জেমিনি ই-মেইলে থাকা বুকিংসংক্রান্ত তথ্য ব্যবহার করে এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। ফলে নিশ্চিতকরণ ই-মেইল খুঁজতে গাড়ি থামানোর প্রয়োজন হবে না।
পার্সোনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে জেমিনির সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথন করাও সহজ হবে। যেমন, চিকিৎসকের চেম্বারে যাওয়ার জন্য নির্দিষ্ট ঠিকানা বলার পরিবর্তে ব্যবহারকারী শুধু বলতে পারবেন, ‘আমাকে আমার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে চলো।’ জেমিনি প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে গন্তব্য খুঁজে দিতে পারবে।
এ ছাড়া নতুন কোনো শহরে গেলে গাড়ি চালানোর পথে রাতের খাবারের জন্য উপযুক্ত রেস্তোরাঁর পরামর্শও চাওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর পছন্দ ও খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ যেমন নিরামিষ খাবারের চাহিদা বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করতে পারবে জেমিনি।
তবে পার্সোনাল ইন্টেলিজেন্স ব্যবহার করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় সুবিধাটি বন্ধ করতে পারবেন। পাশাপাশি জেমিনি কোন কোন অ্যাপের তথ্য ব্যবহার করতে পারবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
গুগল জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হচ্ছে। তবে সুইজারল্যান্ড, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ), যুক্তরাজ্য ও নাইজেরিয়ার ব্যবহারকারীরা প্রাথমিক পর্যায়ে এ সুবিধা পাবেন না। আগামী কয়েক মাসের মধ্যে গুগল বিল্ট-ইন প্রযুক্তিযুক্ত গাড়িতেও পার্সোনাল ইন্টেলিজেন্স চালুর পরিকল্পনা রয়েছে। সূত্র: এনগ্যাজেট
