মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী চলমান সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
মৎস্য বিভাগ আরও জানায়, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং ইলিশের প্রজনন সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/
