নরসিংদীতে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের উত্তর শিলমান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উত্তর শিলমান্দী এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিহতের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে উত্তর শিলমান্দী এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতের পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
