ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তীরবর্তী কৃষিজমির বিলীন ঠেকাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজী প্রমুখ।
বক্তারা বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার একাধিক বালুখেকো চক্র ইজারা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা গ্রামে প্রবেশ করে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনে নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করলেও রাতের আঁধারে তীরবর্তী অংশ থেকে বালু উত্তোলন করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এর ফলে ধরাভাঙ্গা গ্রামের নদীর তীরবর্তী নতুন চরসহ আশপাশের কৃষিজমিগুলোতে ভাঙ্গনের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে গ্রামের অন্তত তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই দ্রুত বালু উত্তোলন বন্ধ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বালুখেকোদে প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
