যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। সম্প্রতি তিনি মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ৭ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। তারই স্থলাভিষিক্ত হয়ে মুম্বাইয়ের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড। সাবেক এই ক্যারিবীয় তারকা গত চার বছর দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রধান কোচ হিসেবে পোলার্ডকে নিয়োগের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে প্রতিক্রিয়া জানিয়ে ৩৯ বছর বয়সী এই উইন্ডিজ তারকা বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য সম্মানের বিষয়। এমআই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ জুড়ে রয়েছে। এই দল, খেলোয়াড় এবং ‘পল্টন’-এর (মুম্বাইয়ের সমর্থক) সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
আরও পড়ুন
এর আগে ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লেখানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অধ্যায়টা (২০১০ থেকে ২০২২) মুম্বাইয়ে কাটিয়েছেন পোলার্ড। নীল জার্সিতে তিনি ১৮৯ ম্যাচে ৩৪১২ রান এবং ৬৯ উইকেট শিকার করেন। পাঁচবারের চ্যাম্পিয়নদের (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) সঙ্গে খেলোয়াড়ী অধ্যায় শেষে ২০২২ আসর থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।
নতুন কোচকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতিা আম্বানি জানিয়েছেন, ‘২২ বছর বয়সী তরুণ হিসেবে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন এবং গত ষোলো বছরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। একজন খেলোয়াড় হিসেবে তিনি আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আর কোচ হিসেবেও তার অভিজ্ঞতা, আবেগ এবং খেলার গভীরবোধ আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া অব্যাহত রেখেছেন।’
‘প্রধান কোচ হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কী এবং এই দলের হয়ে খেলার জন্য কী প্রয়োজন, তা পোলি খুব ভালোভাবেই জানে। আমার দৃঢ় বিশ্বাস, নতুন এই ভূমিকায়ও সে একই রকম দায়বদ্ধতা, বিশ্বাস ও সংকল্প নিয়ে কাজ করবে। দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার পথে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’
এর আগে পাঁচবারের চ্যাম্পিয়নদের কোচ হওয়ার দৌড়ে রাহুল দ্রাবিড়ের নাম শোনা যাচ্ছিল। কিন্তু ক্রিকবাজ নিশ্চিত করেছে, ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ অন্তত আরও এক মৌসুমের জন্য কোচিংয়ের বাইরে থাকতে চান। ফলে কোচ হওয়ার দৌড়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের এউইন মরগানের নাম আলোচনায় আসে। তবে দুজনের কেউই আইপিএলের কোচিংয়ে আপাতত আগ্রহী নন। তারা বিষয়টি আইপিএল ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন বলে ধারণা করা হয়।
এএইচএস
