সালমান শাহর নায়িকা শিল্পীকে আজও খোঁজেন দর্শক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
-->‘এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি’ বাংলা সিনেমার কালজয়ী এই গানটির কথা মনে পড়লেই প্রয়াত অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শিল্পীর কথা মনে পড়ে। রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ সিনেমায় ব্যবহৃত এই গানটি আজও সমানতালে জনপ্রিয়। সিনেমাটিতে সালমান শাহর নায়িকা হিসেবে শিল্পীকে আজও মনে রেখেছেন দর্শক। তাই তো মাঝে মধ্যেই তাকে খুঁজে বেড়ান দর্শকরা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভক্তরা শিল্পীকে নিয়ে নানা ইতিবাচক পোস্ট করেন। ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ হন এই নায়িকা।
চিত্রনায়িকা শিল্পী বলেন, ‘‘অভিনয় করছি না একযুগেরও বেশি সময় ধরে। তার পরও দর্শক এখনো আমাকে খোঁজেন, এখনো ভালোবাসেন, এখনো কাজে ফিরব কী না প্রশ্ন করেন– এটা আমার জন্য সত্যিই ভালো লাগার। এটাও সত্যি যে, সালমানের সঙ্গে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করার কারণে দর্শক আমাকে বেশি মনে রেখেছেন। কারণ এই সিনেমাটি গল্পের কারণে দর্শকের কাছে ভীষণ ভালো লাগায় রূপান্তরিত হয়েছিল, তেমনি এই সিনেমার ‘এ জীবনে যারে চেয়েছি…’ গানটিও এখনো তাদের ভালো লাগার একটি গান। এই গান যুগের পর যুগ আরও বেঁচে রবে।’’
আঞ্জুমান শিল্পী চলচ্চিত্রে আসার আগে তিনি নারায়ণগঞ্জ জেলার শকুন্তলা নাট্যগোষ্ঠীর হয়ে বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেছেন। ‘নাগ নর্তকী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘বাংলার কমান্ডো’, যেটি ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তার সহশিল্পী ছিলেন আমিন খান। এর পর ১৯৯৬ সালে তিনি সালমান শাহের বিপরীতে ‘প্রিয়জন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০০ সালে তিনি চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। তবে ২০১৩ সাল পর্যন্ত টিভি নাটকে অনিয়মিতভাবে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত অন্য সিনেমাগুলো হচ্ছে– ‘বাবা কেন চাকর’, ‘ক্ষমা নেই’, ‘শক্তের ভক্ত’, ‘মুক্তি চাই’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুজন বন্ধু’।
আরও পড়ুন
সিনেমায় শিরীন শিলার এক যুগ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
-->চিত্রনায়িকা শিরীন শিলা। ক্যারিয়ারে খুব বেশি ব্যবসাসফল সিনেমা নেই তার। তবে সিনেমায় অভিনয়ে ইতোমধ্যেই একযুগ পূর্ণ করেছেন তিনি। কিছুদিন আগে কানাডায় শুরু করেছেন বাবরের পরিচালনায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমা। এই সিনেমায় গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাকে। এতে শিরীন শিলার বিপরীতে অভিনয় করছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান।
অভিনয়ে একযুগ পূর্ণ প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘সিনেমায় আমার অভিনয়জীবনের শুরু হয় শাকিব খানের সঙ্গে। এর পর আরও বহু সিনেমায় অভিনয় করেছি। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত শ্রেষ্ঠত্বের সম্মাননাগুলোও আমার জীবন চলার পথের অনেক বড় অনুপ্রেরণা। এই প্রাপ্তিগুলো নিয়ে মাঝে মাঝে ভীষণ ভাবি যে একজন শিল্পী হিসেবে হয়তো কিছুটা হলেও বাংলাদেশের সিনেমায় আমার অবদান আছে বলেই দেশে-বিদেশে সংগঠনগুলো আমাকে পুরস্কৃত করে। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সংবাদমাধ্যমের প্রতি, সাংবাদিক ভাই-বোনদের প্রতি, তারাও সবসময় আমার বিপদে-আপদে পাশে ছিলেন।
ধন্যবাদ আমার মা ও ভাইকে, কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য। আর দেখতে দেখতে একযুগ পার হলে গেল ভাবতে গেলেই অবাক হই– এত দ্রুত সময় চলে গেল। এখনো সিনেমা নিয়ে আমার কত কত স্বপ্ন।’
উল্লেখ্য, ২০১৪ সালের ৬ অক্টোবর ঈদুল আজহায় শিরীন শিলা অভিনীত ‘হিটম্যান’ সিনেমাটি মুক্তি পায়। এর পর শিরীন শিলা অভিনীত ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘বেগম জান’, ‘ঘর ভাঙ্গা সংসার’, ‘শেষ বাজি’, ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘নদীর জলে শাপলা ভাসে’, ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাগুলো মুক্তি পায়। সিনেমায় অভিনয়ের আগে তিনি ‘গুলশান এভিনিউ’, ‘রঙ্গের মেলা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন।
আরও পড়ুন
ভবিষ্যত নিয়ে চিন্তিত বেকা, ফিরছে ‘গ্লি’
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত
-->মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গীতভিত্তিক জনপ্রিয় কমেডি-ড্রামা সিরিজ ‘গ্লি’ ফিরছে নতুন রূপে। তবে সিরিজটির প্রত্যাবর্তনের খবরে আনন্দিত হওয়ার বদলে দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রী বেকা টোবিন। মূল সিরিজে কিটি ওয়াইল্ড চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নতুন সংস্করণে তাকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বেকা তার ‘লেডিগ্যাং’ পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, নতুন সিরিজে অভিনয়ের বিষয়ে এখনও তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। পুরোনো সিরিজের কয়েকজন অভিনয়শিল্পীকে ঘিরে আলোচনা হলেও নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা পাননি তিনি।
বেকার আশঙ্কা, নতুন সিরিজে ডাক না পেলে পুরোনো পরিচিতির কারণে তাকে বারবার এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলছে। মূল সিরিজে কাজ করা সহশিল্পীদের নিয়েও তার উদ্বেগ রয়েছে।
২০০৯ সালে প্রচার শুরু হয়েছিল ‘গ্লি’র। ছয় মৌসুমের এই সিরিজ সংগীত ও অভিনয়ের জন্য দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। স্কুলের গানের দলের সদস্যদের জীবন নিয়ে তৈরি সিরিজটি তরুণ দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছিল।
নতুন সংস্করণ ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে। তবে পুরোনো অভিনয়শিল্পীদের সবাই ফিরছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। বেকার বক্তব্যে উঠে এসেছে সেই অনিশ্চয়তাই।
আরও পড়ুন
নেপালে নিষিদ্ধ হলো সারা আলি খানের সিনেমা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
-->মুক্তির আগেই নেপালে নিষিদ্ধ হলো সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। দেশটির সেন্সর বোর্ড সিনেমাটির প্রদর্শনের অনুমতি দেয়নি। ফলে নেপালে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সিনেমাটির পরিবেশক ন্যাশনাল সিনে গ্রুপকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে। দেশটির চলচ্চিত্র আইন অনুযায়ী, সিনেমাটির বিষয়বস্তু প্রদর্শনের ক্ষেত্রে বিধিনিষেধের আওতায় পড়েছে বলে জানানো হয়েছে।
‘উড়তা তীর’ পরিচালনা করেছেন আকাশ কৌশিক। সিনেমাটিতে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে বিলাল আহমেদের চরিত্রে। তিনি একজন পাকিস্তানি গুপ্তচর। একটি দুর্ঘটনার পর স্মৃতি হারিয়ে নিজেকে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা মনে করতে শুরু করেন তিনি। এই ঘটনাকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।
চলচ্চিত্র সমালোচক সমীপ্যরাজ তিমসিনার মতে, ভারত-পাকিস্তান সম্পর্কের সংবেদনশীল বিষয় সিনেমাটির নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে নেপালের কর্তৃপক্ষ সিনেমাটির কোন নির্দিষ্ট অংশ নিয়ে আপত্তি করেছে, তা বিস্তারিত জানায়নি।
সিনেমাটি ২৩ অক্টোবর মুক্তির কথা ছিল। নেপালে প্রদর্শনের অনুমতি না মেলায় সেখানকার দর্শকেরা আপাতত সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারবেন না।
আরও পড়ুন
অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন হান্টার শেফার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->নিজের লিঙ্গপরিচয় ও জেন্ডার-অ্যাফার্মিং অস্ত্রোপচারের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন হলিউড অভিনেত্রী ও মডেল হান্টার শেফার। ‘ইউফোরিয়া’ সিরিজের এই তারকা জানিয়েছেন, নিজের শরীর নিয়ে নেওয়া সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট। ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তার আপত্তি নেই।
সম্প্রতি ‘এলে’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার জানান, জেন্ডার-অ্যাফার্মিং অস্ত্রোপচারের অভিজ্ঞতা তার জন্য ইতিবাচক ছিল। নিজের শরীর, পরিচয় ও অনুভূতি নিয়ে দীর্ঘদিন ভেবেছেন তিনি। একপর্যায়ে নিজের চাওয়া ও উপলব্ধিকে গুরুত্ব দিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, ‘আমি একজন নারী। আমি একজন মেয়ে।’ নিজের পরিচয় সম্পর্কে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ব্যক্তিগত অনুভূতি ও আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরেছেন।
হান্টার শেফার একজন আমেরিকান অভিনেত্রী, মডেল ও শিল্পী। ২০১৬ সালে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য প্রযোজ্য বাথরুম ব্যবহারের বিধিনিষেধের বিরুদ্ধে আইনি উদ্যোগে যুক্ত হয়ে আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে অধিকারকর্মী হিসেবেও পরিচিতি পান। শুরুতে পোশাক নকশা ও শিল্পচর্চার প্রতি আগ্রহী ছিলেন হান্টার। পরে মডেলিংয়ের মাধ্যমে ফ্যাশনজগতে কাজ শুরু করেন। ২০১৯ সালে এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’য় জুলস ভনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। চরিত্রটি তার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পর ‘দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’সহ বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ট্রান্সজেন্ডার মানুষের অধিকার নিয়েও সোচ্চার হান্টার। তবে নিজের লিঙ্গপরিচয় যেন তার শিল্পীসত্তার একমাত্র পরিচয় হয়ে না থাকে, সেটিও চান তিনি। তার সাম্প্রতিক বক্তব্য আবারও সামনে এনেছে আত্মপরিচয়, শরীর নিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত এবং নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতার প্রশ্ন।
