‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মেজবাহ উদ্দিন হেলাল নামের এক যুবলীগ নেতাকে অপহরণের ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের বালিকা বিদ্যা নিকেতন এলাকা থেকে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে গেছে। এ সময় অপহরণের শিকার যুবলীগ নেতাকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
হেলাল জেলার রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামের বাসিন্দা। আটক ছাত্রদল নেতা জামাল লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ থেকে জানানো হয়, শহরের ঝুমুর মোড়ে একটি বাস থেকে হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টহল দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় জামাল নামে একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন পালিয়ে গেছে।
আজ বুধবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ভুক্তভোগীর ভাষ্যমতে ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে তাকে বাস থেকে নামিয়ে বালিকা বিদ্যানেকতনের মাঠে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয় এবং মব করার চেষ্টা করে অভিযুক্তরা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘জামালকে আটকের বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই।’
