শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সার্বিক নিরাপত্তাবেষ্টনীতে উদ্যাপন নিশ্চিত করতে খুলনা জেলা ও মহানগরের ৩৯৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। গত ১৩ অক্টোবর থেকে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি ও স্ট্যান্ডবাই রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে কঠোর সাইবার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার খুলনার ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান এসআরবি-৬-এর খুলনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস।
তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে জন্য এসআরবি-৬ সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমের গুজোব ঠেকানো প্রসঙ্গে অধিনায়ক বলেন, “উৎসবকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে অনলাইনে অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য আমাদের সাইবার টিম ২৪ ঘণ্টা মনিটরিং চালিয়ে যাচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, সর্বস্তরের জনগণ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় খুলনার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব সফলভাবে উদযাপিত হবে।
