শামা ওবায়েদ বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় কখন কোন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হবে কিংবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হবে, তা নিয়মিত ও স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনার মতো কোনো জাতীয় বা আন্তর্জাতিক ইস্যু তৈরি হয়নি।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পিপল লেড পলিসি: বাংলাদেশ পজিশন অ্যাট কপ থার্টিওয়ান’ শীর্ষক জাতীয় অবস্থানপত্র প্রণয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় কখন কোন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হবে কিংবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হবে, তা নিয়মিত ও স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রত্যাশা করা হচ্ছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরো জোরদার করতে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, তৈরি পোশাক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর মাধ্যমে জাপানি বিনিয়োগ আকর্ষণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
