মেহেরপুরে রাজনগর শেখপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩ কক্ষ ও ২ রান্নাঘর
অক্টোবর ২০, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর শেখপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে একটি বাড়ির ৩টি কক্ষসহ ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরের দিকে রাজনগর গ্রামের শাহার আলীর ছেলে মঞ্জুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে টিনের ঘরের ৩টি কক্ষ ও ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই আগুনে তিনটি কক্ষসহ দুটি রান্নাঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
