Published on
:
1 min read
মুম্বইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রবিবার সন্ধ্যায় চলেছে গুলি। এই গুলিচালনার ঘটনার সময় তাঁর গাড়ির ঠিক পিছনেই ছিল টেলিভিশন অভিনেতা করণবীর মেহরার গাড়ি। হামলার প্রায় এক ঘণ্টা পরে NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার বিবরণ জানিয়েছেন ‘বিগ বস ১৮’-এর বিজয়ী করণবীর। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ দেখতে পান। জানতে পারেন, টাইগারের গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনা নিয়ে করণবীর NDTV-কে বলেছেন, ‘আমার গাড়ি ঠিক পিছনেই ছিল। গেট পেরিয়ে আমরা বেরিয়ে আসার পরে আমার গাড়ি যখন সেখানে পৌঁছয়, তখন আমি শুধু রক্তের দাগ দেখতে পাই। জানতে পারি, টাইগারের চালককে গুলি করা হয়েছে। টাইগার নিরাপদে রয়েছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। কিন্তু চালকের জন্য আমার খুব খারাপ লাগছে। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সেখানে কয়েকটি বাচ্চা জন্মদিনের অনুষ্ঠান করছিল। সবাই আতঙ্কে এ দিক-ও দিক ছুটতে শুরু করে।’
মুম্বইয়ের জুহুতে টাইগার শ্রফের সঙ্গে ফুটবল খেলেন করণবীর। তবে হামলাকারীদের তিনি দেখতে পাননি বলে জানিয়েছেন। তাঁর কথায়, 'আমার গাড়িটা একটু পিছনে ছিল। সেখানে অনেকেই ছবি তুলছিলেন। আমরা শুধু গুলির শব্দ শুনতে পাই। লোকজন চিৎকার করে বলতে থাকেন, কেউ গুলি চালিয়েছে। সেখানে অনেকে বাজিও ফাটাচ্ছিলেন। তাই প্রথমে ভেবেছিলাম, শব্দটা হয়তো বাজি ফাটানোর জন্যই হয়েছে।'
উল্লেখ্য, জুহুতে টাইগার শ্রফকে লক্ষ্য করে তিন অজ্ঞাতপরিচয় বাইকআরোহী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় অভিনেতার গাড়ির চালক এবং এক অটোচালক আহত হয়েছেন। টাইগার অবশ্য অক্ষত রয়েছেন।
