কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে এখন বিশাল পরিমাণ লেখা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ হচ্ছে। সাধারণ কথাবার্তা কিংবা পণ্যের বিবরণ অনুবাদে এ প্রযুক্তি অনেক ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলও দিচ্ছে। কিন্তু আইনি নথি, চিকিৎসাসংক্রান্ত তথ্য কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তি হিসেবে ব্যবহৃত লেখার ক্ষেত্রে একটি ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।
তাই প্রশ্ন উঠছে, নির্ভরযোগ্য অনুবাদের জন্য মানুষের প্রয়োজন আর কত দিন থাকবে?
ফরাসি ভাষায় ‘প্রবল বৃষ্টি হচ্ছে’ এমনটি বোঝাতে একটি প্রচলিত বাক্য রয়েছে, ‘ইল প্ল্যু দ্যে কর্দ’। এর আক্ষরিক অর্থ ‘দড়ি বৃষ্টি হচ্ছে’। কিন্তু ইংরেজিতে এর কাছাকাছি অর্থ প্রকাশ করতে বলা হয়, ‘বিড়াল ও কুকুর বৃষ্টি হচ্ছে’। অর্থাৎ, প্রচলিত বাক্যটির আক্ষরিক অনুবাদ না করে তার অর্থ বুঝে উপযুক্ত অভিব্যক্তি বেছে নিতে হয়।
ফ্রান্সের ন্যাশনাল সেন্টার অফ সায়েন্টিফিক রিসার্চের স্বয়ংক্রিয় অনুবাদবিষয়ক গবেষণা পরিচালক ফ্রাঁসোয়া ইভোঁ বলেন, এ ধরনের বাক্য কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কী ধরনের দ্বিধা তৈরি করে, তা সহজেই বোঝা যায়।
তার ভাষ্য, প্রশিক্ষণপ্রাপ্ত একটি ব্যবস্থা বুঝতে পারবে যে আকাশ থেকে সত্যিই দড়ি পড়ছে না। ফলে ইংরেজিতে সেটি প্রচলিত উপযুক্ত বাক্যটি ব্যবহার করতে পারে। কিন্তু একই বাক্য ইন্দোনেশীয় ভাষায় অনুবাদের সময়ও কি সেটি সমতুল্য অভিব্যক্তি খুঁজে পাবে?
আবহাওয়া নিয়ে এমন বাক্যের ভুল অনুবাদে ঝুঁকি কম। কিন্তু এখন যন্ত্রের সাহায্যে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনুবাদ হচ্ছে। ফলে অনুবাদের নির্ভুলতা নিয়ে উদ্বেগও বাড়ছে বলে এক প্রতিবেদনে লিখেছে বিবিসি।
গুগল এপ্রিলে জানিয়েছে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে প্রতি মাসে এক লাখ কোটি শব্দ ব্যবহারকারীরা অনুবাদ করছেন ।
এর বাইরে ডিপএল, মাইক্রোসফটের অনুবাদব্যবস্থা, ক্লড, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের মতো সেবাও রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা অনুযায়ী তৈরি অনুবাদব্যবস্থাও ব্যবহার হচ্ছে।
সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার সাবস্ক্রিপশন সেবার বাইরে শুধু যন্ত্রনির্ভর অনুবাদ বিক্রি থেকে গত বছর আনুমানিক ১৪০ কোটি ডলার আয় হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওপেন নলেজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জন জিমারম্যান মনে করেন, অনেক কাজের জন্য এখন সরাসরি এআই দিয়ে অনুবাদ করাই যুক্তিযুক্ত। তার প্রতিষ্ঠান বিভিন্ন ভাষায় উইকিপিডিয়ার নিবন্ধ অনুবাদ করে।
জিমারম্যান বলেন, “অনেক ধরনের কাজের ক্ষেত্রে এখন সরাসরি এআই দিয়ে অনুবাদ করাই সঠিক সিদ্ধান্ত। অভ্যন্তরীণ নথি কিংবা পণ্যের তালিকা অনুবাদ করার সময় শেষ কয়েক শতাংশ ভুল ধরার জন্য খরচ ১০০ গুণ বাড়ানো যুক্তিসংগত নয়।”
তবে বিশ্বকোষের ক্ষেত্রে বিষয়টি আলাদা বলে মনে করেন তিনি।
“একটি বিশ্বকোষের ভিত্তি হলো মানুষের আস্থা। সেখানে একটি ভুল তথ্য বছরের পর বছর থেকে যেতে পারে এবং সাংবাদিক ও এআই ব্যবস্থাও সেটি উদ্ধৃত করতে পারে,” বলেন জিমারম্যান।
তার ভাষ্য অনুযায়ী, ওপেন নলেজ অ্যাসোসিয়েশন এ পর্যন্ত ১০ হাজারের বেশি নিবন্ধ অনুবাদ করেছে। এসব নিবন্ধের বেশিরভাগ স্প্যানিশ, পর্তুগিজ ও ইংরেজি ভাষায়। সহযোগিতামূলক অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ায় অনূদিত নিবন্ধ যোগ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সবচেয়ে বড় অবদানকারীদের একটি নয়, বরং জিমারম্যানের দাবি অনুযায়ী সবচেয়ে বড় অবদান রাখছেন।
এআই ছাড়া এত বড় পরিসরে কাজটি করা তাদের পক্ষে সম্ভব হতো না।
জিমারম্যান বলেন, “প্রচলিত পদ্ধতিতে ১০ হাজার নিবন্ধ অনুবাদ করতে লাখ লাখ ডলার খরচ হতো। আমাদের প্রক্রিয়ায় এআই প্রথমে একটি খসড়া তৈরি করে, এরপর একজন মানব অনুবাদক প্রতিটি বাক্য যাচাই করেন।”
তবে অনুবাদে মানুষের অংশগ্রহণের প্রয়োজন ক্রমেই কমছে।
জিমারম্যানের ভাষায়, “যন্ত্রের তৈরি অনুবাদ এখন এতটাই ভালো যে মানুষকে পুরোপুরি বাদ দেওয়ার বিষয়টি একটি বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠেছে। আর পুরো শিল্পজুড়েই এটি একটি বড় প্রলোভন তৈরি করছে। দুই বা তিন বছর আগে ডিপএলের মতো সরঞ্জাম ব্যবহার করেও আমাদের অনুবাদকেরা প্রতিটি খসড়ার বড় একটি অংশ নতুন করে লিখতেন।”
তিনি বলেন, “এখন অনেক সময় লেখার ভাষা ঠিক করারই প্রয়োজন হয় না। তাই প্রশ্নটি আর এআই ভালো অনুবাদ করতে পারে কি না, তা নয়। এটি যে পারে, তা স্পষ্ট। এখন প্রশ্ন হলো, মানুষের প্রয়োজন বাদ দেওয়ার মতো যথেষ্ট ভালো কি না।”
অনুবাদকদের মতে, এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি এআই।
আইনি অনুবাদে ছোট ভুলের পরিণতি বড়
আইনি নথি অনুবাদে বিশেষজ্ঞ ফরাসি অনুবাদক আরিয়েলা বালতি ইংরেজি থেকে ফরাসি ভাষায় আদালতসংশ্লিষ্ট নথি অনুবাদ করেন। সম্প্রতি একজন ব্যক্তি এআই দিয়ে নিজের নথি অনুবাদ করার পর সেগুলো যাচাই করে দিতে তার সঙ্গে যোগাযোগ করেন।
বালতি জানান, নথির একেবারে শুরুতেই দুটি বড় ভুল ছিল।
ফরাসি ভাষার ‘লে দেমঁদর’ শব্দটির অর্থ মামলার বাদী। কিন্তু এআই সেটির অনুবাদ করেছে ‘অনুরোধকারী’। বালতির ভাষায়, আইনি নথির জন্য এটি একেবারেই বেমানান।
আরেকটি ক্ষেত্রে ‘মাদাম এক্স, এপুজ ওয়াই’ বাক্যাংশটির অর্থ ছিল ‘মিসেস এক্স, ওয়াইয়ের স্ত্রী’। কিন্তু এআই সেটিকে অনুবাদ করেছে ‘মিসেস এক্স ওয়াইকে বিয়ে করেন’।
অর্থাৎ, ব্যবস্থা একটি বিশেষ্যকে ক্রিয়া হিসেবে ধরে নিয়েছে এবং বাক্যটির প্রকৃত অর্থই বদলে দিয়েছে।
আইনি ক্ষেত্রে এ ধরনের ভুলের পরিণতি গুরুতর হতে পারে। যুক্তরাষ্ট্রে যন্ত্রের মাধ্যমে অনুবাদ করা আশ্রয়ের আবেদনপত্রে ভুলের কারণে আটক ব্যক্তিদের মুক্তি পেতে দেরি হওয়ার ঘটনাও ঘটেছে।
চিকিৎসায় অনুবাদের ভুল হতে পারে জীবনঘাতী
চিকিৎসাসংক্রান্ত তথ্যের ক্ষেত্রে অনুবাদের নির্ভুলতা সরাসরি মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে যুক্ত হতে পারে।
চিকিৎসাবিষয়ক অনুবাদ বিশেষজ্ঞ ক্যারল বেরেউটার বলেন, ওষুধের মাত্রা ও রক্ত পরীক্ষার বিভিন্ন এককে প্রায়ই গ্রিক বর্ণ ব্যবহার করা হয়।
তিনি এমন একটি স্বয়ংক্রিয় অনুবাদের উদাহরণ পেয়েছেন, যেখানে গ্রিক বর্ণ ‘মিউ’কে ‘মাইক্রো’ অর্থাৎ এক গ্রামের দশ লাখ ভাগের এক ভাগ হিসেবে অনুবাদ করার বদলে ‘মিলি’ অর্থাৎ এক গ্রামের হাজার ভাগের এক ভাগ হিসেবে দেখানো হয়েছে।
বেরেউটারের ভাষায়, “এটি একটি গুরুতর ভুল। কাউকে যেখানে এক মাইক্রোগ্রাম দেওয়ার কথা, সেখানে এক মিলিগ্রাম দিলে তাকে নির্ধারিত মাত্রার এক হাজার গুণ ওষুধ দেওয়া হবে।”
এআই অনুবাদ যত উন্নত হচ্ছে, ভুল শনাক্ত করাও তত কঠিন হয়ে উঠছে বলে মনে করেন তিনি।
বেরেউটার বলেন, “আগে গুগল ট্রান্সলেটের মতো ব্যবস্থায় অনুবাদে ব্যাকরণগত ভুল থাকত কিংবা বাক্য শুনতে অস্বাভাবিক লাগত। ফলে ভুলটি সহজেই চোখে পড়ত। এখন বাক্যগুলো যথেষ্ট গ্রহণযোগ্য শোনায়। সাবলীল ও স্বাভাবিক মনে হয়। তাই ভুল শনাক্ত করা অনেক কঠিন হয়ে গেছে।”
ফ্রাঁসোয়া ইভোঁ সতর্ক করে বলেন, “যে নথিতে আপনার স্বাক্ষর থাকবে, সেখানে ভুলের কারণে আপনার সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আর চিকিৎসাপদ্ধতি, আপনার স্বাক্ষর করতে যাওয়া কোনো চুক্তি কিংবা বড় কোনো কেনাকাটার সিদ্ধান্ত যদি অনুবাদের ওপর নির্ভর করে, তাহলে ঝুঁকি আরও বেশি।”
প্রসঙ্গ না বুঝলে ভুল বাড়ে
মানুষের কাছে কোনো বাক্যের অর্থ পরিষ্কার হলেও এআইয়ের জন্য সেটি বোঝা কঠিন হতে পারে বলে মনে করেন ইভোঁ।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শব্দের একাধিক অর্থ থাকলে মানুষ সাধারণত প্রসঙ্গ বুঝে সঠিক অর্থটি বেছে নিতে পারে। কিন্তু কোনো অনুবাদব্যবস্থাকে ‘পোলিশ ভাষায় অনুবাদ করুন’ নির্দেশ দিলে সেটি এমনও ভাবতে পারে যে এখানে জুতার পালিশের কথা বলা হচ্ছে।
প্রসঙ্গ বুঝতে না পারলে ফুটবলের মতো বিষয়েও ভুল অনুবাদ হতে পারে। কোনো ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে, সেটি এআই বুঝতে না পারলে ‘টেকিং আ কর্নার’ কথাটির অর্থ ভুলভাবে প্রকাশ করতে পারে।
গত বছর উইকিমিডিয়ার অর্থায়নে একটি গবেষণা চালায় ওপেন নলেজ অ্যাসোসিয়েশন। এতে ১১৯টি নিবন্ধ, ১০টি ভাষাজোড়া এবং অনুবাদকদের এক হাজার ঘণ্টার বেশি কাজ পর্যালোচনা করা হয়।
জিমারম্যান বলেন, “এআই দিয়ে তৈরি লেখার ২৭ শতাংশ প্রকাশের আগে সংশোধন করতে হয়েছে। এসব সংশোধনের চার ভাগের তিন ভাগই ছিল এআইয়ের তৈরি ভুল। আর ৫ থেকে ৬ শতাংশ ভুল মূল লেখার অর্থ বদলে দিয়েছে।”
শতভাগ নির্ভুল অনুবাদ কি সম্ভব?
ইভোঁর মতে, এ ধরনের ভুল পুরোপুরি দূর করা কঠিন হতে পারে।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়, এই ব্যবস্থাগুলো যেভাবে কাজ করে, তাতে সেগুলো শতভাগ নির্ভরযোগ্য হয়ে উঠবে, এমনটা কল্পনা করা কঠিন।”
এর কারণ হিসেবে তিনি এআইয়ের কাজের পদ্ধতির কথা উল্লেখ করেন। একটি শব্দের পরিবর্তে অন্য শব্দ বেছে নেওয়ার ক্ষেত্রে এসব ব্যবস্থা সম্ভাবনার হিসাব করে। কিন্তু কোনো কিছু সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকা আর সেটি সত্যিই সঠিক হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। ভাষার মতো সূক্ষ্ম ও বৈচিত্র্যময় ক্ষেত্রে এই পার্থক্য আরও গুরুত্বপূর্ণ।
তবে ভবিষ্যতের প্রযুক্তি পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে বলে মনে করেন ইভোঁ।
তিনি বলেন, “আমরা এমন অনুবাদব্যবস্থা দেখতে পাব, যেগুলো নিজেদের কাজ মূল্যায়ন করতে এবং একই সঙ্গে একাধিক এআই সরঞ্জাম ব্যবহার করে নিজেদের ভুল সংশোধন করতে ক্রমেই বেশি সক্ষম হবে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি ব্যবস্থা অনুবাদ করবে, দ্বিতীয়টি সেটির সমালোচনা করবে এবং তৃতীয়টি নতুন সংস্করণ তৈরি করবে।”
তবে ইভোঁ বলেন, “প্রকৃত অগ্রগতি তখনই আসবে, যখন এসব ব্যবস্থা শুধু অনুবাদ করতে পারবে না, বরং কোনো বিষয়ে নিশ্চিত না হলে আমাদের সেটিও জানাতে পারবে।”
