ঢাকার সাভারে গোপনে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ার নামের একটি ১০ তলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)।
পুলিশ জানায়, গোপনে বাংলা মদ তৈরির খবর পেয়ে সোমবার রাতে গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার প্রস্তুত করা মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
