ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ১১০ জন, মিরপুর বিভাগে ২০৬ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন, এসআরইউ বিভাগে চারজন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম কার্ড, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়।
এ সময় জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজা ভর্তি কলকি ও কাটারও উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
