২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। বর্তমানে তাদের মধ্যে ৩৫০ জন কঠোর পরিস্থিতিতে বন্দি রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থা। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ভয়ভীতি প্রদর্শন ও আটকের মাধ্যমে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আটকের পর এসব শিশুকে নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগও তুলেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, অভিযোগ গঠন কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই ফিলিস্তিনি শিশুদের আটক রাখছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে শিশুরা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। একই সঙ্গে তাদের পারিবারিক ও শিক্ষাজীবনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। সংস্থাটির মতে, শিশুদের এভাবে আটক রাখা তাদের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আটকের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক শিশুকে অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আটক শিশুদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ দাবি করেছে ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থাটি। পাশাপাশি শিশুদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে তারা।